Logo

জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে আটক ছাত্রদল নেতা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাহুবল, হবিগঞ্জ
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৭
জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে আটক ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় জিরাসহ ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা হেলাল মহালদার এবং তার সহযোগী পাশের মামদনগর গ্রামের বেলাল মিয়া।

বিজ্ঞাপন

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সরকারিভাবে নিলামে কেনা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটি হেলাল মহালদারের বাবার মালিকানাধীন একটি পেট্রোল পাম্পের পেছনে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বেলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭।

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD