Logo

গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ২১ দিন পর আসামি গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
গোসাইরহাট, শরীয়তপুর
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭
গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ২১ দিন পর আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রায়হান তালুকদার (২৮) নামে এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মামলা হওয়ার পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। সেই তথ্যের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ ও র‍্যাব-১০-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ রানীসার এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ওই সময় কিশোরীটি স্থানীয় একটি বাড়িতে গৃহস্থালির কাজে নিয়োজিত ছিল।

বিজ্ঞাপন

এজাহারের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় পুকুরঘাটে কাজ করার সময় রায়হান তালুকদার কিশোরীটির মুখ চেপে ধরে পাশের একটি পানবরজে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর কিশোরীকে ঘটনাস্থলের কাছাকাছি অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান রায়হান। পরে স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়।

বিজ্ঞাপন

পরে কিশোরীকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে ২৫ আগস্ট গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়। মামলার পর থেকে রায়হান তালুকদার পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গোসাইরহাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD