Logo

পাবনায় নিখোঁজের সাত দিন পর শিশুর মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩
পাবনায় নিখোঁজের সাত দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পাবনা সদর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত কলি কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটির বাড়ি ও আশপাশের এলাকায় স্বজন ও স্থানীয়দের ভিড় জমে যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল কলি। বাজার শেষে বাড়িতে ফিরে কেনাকাটার ব্যাগ মায়ের কাছে দিয়ে ঘরের পাশে যায় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে শিশুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্যদের পাশাপাশি সহপাঠী ও স্থানীয়রাও শিশুটির সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা করেন। তার সন্ধানের দাবিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

এর একদিন পর বুধবার একটি ডোবা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হলো।

বিজ্ঞাপন

নিহতের বাবা কামাল প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার অবুঝ মেয়েটাকে কারা এভাবে হত্যা করল? আমাদের তো সব শেষ হয়ে গেল। আমরা এই নৃশংসতার বিচার চাই, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD