Logo

জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম

profile picture
উপজেলা প্রতিনিধি
ইন্দুরকানী, পিরোজপুর
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:১৮
জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব মো. আব্দুল কুদ্দুস (৩৫) ও ইয়াছিন হাওলাদার (২৫) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়াছিন হাওলাদারকে নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত আব্দুল কুদ্দুস মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। তিনি উপজেলা পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব। অপর আহত ইয়াছিন হাওলাদার একই গ্রামের আব্দুল খলিলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চন্ডিপুর বাজারে নিজেদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল কুদ্দুস ও ইয়াছিন হাওলাদার। পথে চরবলেশ্বর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপানো হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা একটি দা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে ইয়াছিন হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় রুবেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD