Logo

স্বামী-স্ত্রী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, তদন্তে শিক্ষা বিভাগ

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়িয়া, ময়মনসিংহ
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:১০
স্বামী-স্ত্রী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, তদন্তে শিক্ষা বিভাগ
ছবি : এআই দিয়ে তৈরি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মারামারিতে জড়ানো দুজন হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষিকা আসমা বেগম। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে প্রায় ১০ থেকে ১২ দিন আগে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয় পর্যন্ত গড়ায়। ঘটনার দিনও পারিবারিক বিরোধের জেরে তাঁদের মধ্যে মারামারি হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সহকর্মী শিক্ষকদের দিয়ে তিনি ঘটনার ভিডিও ধারণ করান।

আফজাল হোসেন বলেন, ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটানো ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন। এর আগেও দুই থেকে তিনবার বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সহকারী শিক্ষিকা আসমা বেগমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা ৯০ জনের বেশি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শিক্ষকদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD