চুনারুঘাটে শিক্ষককে ঘুষি, বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষে এক শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠেছে দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে শৃঙ্খলাসংক্রান্ত একটি বিষয় নিয়ে শিক্ষক আল-আমিনের সঙ্গে শিক্ষার্থী ফারহানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফারহান ওই শিক্ষককে ঘুষি মারে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে তারা ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় চুনারুঘাট থানা-পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রিজার্ভ ফোর্সের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষকের ওপর হামলার অভিযোগের নিন্দা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও সহকারী পুলিশ সুপার রাফিউর রহমানের উপস্থিতিতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।








