Logo

নুসরাতের বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৪ নভেম্বর, ২০২৬, ১২:১৯
নুসরাতের বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

বিজ্ঞাপন

তাঁর অভিযোগ, ঘটনার পর ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়ানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. মাহমুদা মিতু।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার পর কীভাবে ঘটনাটিকে অন্যদিকে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সে প্রক্রিয়া শুরু হয়েছে বলে তাঁদের মনে হচ্ছে।

বিজ্ঞাপন

মাহমুদা মিতু বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে তাঁরা দেখেছেন। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।

ক্ষতিগ্রস্ত বাড়ির বাস্তব অবস্থা তুলে ধরে তিনি বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে। এমনকি সেখানে দুটি ছাগল থাকত বলেও উল্লেখ করা হয়েছে।

এ সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি বলে তিনি এখনো বিশ্বাস করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিষয়গুলো তাঁর বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

বিজ্ঞাপন

মামলার তদন্তে অগ্রগতি না পাওয়ার অভিযোগ তুলে নুসরাত তাবাসসুম বলেন, গতকাল থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, তার মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি।

তদন্তের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত সেসব বিষয়। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তারা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার আমি নিন্দা জানাই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয় সংসদে তদন্ত শেষ হওয়ার আগেই ফলাফল ঘোষণা করার মতো আচরণের বিরোধিতা করে নুসরাত তাবাসসুম বলেন, কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণ আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ ধরনের বক্তব্য ও আচরণের আমি তীব্র বিরোধিতা করছি।

শুক্রবার বিকেলে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িটিতে আটজন সদস্য অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হন। আগুনে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় নিজেই মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD