দ্বীপজেলা ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

দ্বীপজেলা ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এই কূপ থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন কূপটিতে গ্যাসের উপস্থিতি পরীক্ষার কার্যক্রম শুরু হয়। আগুন জ্বালানোর মাধ্যমে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম চালু করা হয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এখান থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা পাওয়া গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বর্তমানে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। এসব গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা ১০টি। সব মিলিয়ে জেলাটিতে প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তবে নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ কূপে ঠিক কত পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, তা এখনো চূড়ান্ত হয়নি। ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শেষ হওয়ার পর মজুতের পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বাপেক্স।
নতুন এই কূপের সম্ভাব্য উৎপাদন সক্ষমতা দেশের জাতীয় গ্যাস সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরুর বিষয়ে চূড়ান্ত তথ্য পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে।








