ছাত্রলীগ গ্রেপ্তার করলে পরিবার নিশ্চিহ্নের হুমকি ওসিকে!

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে তাঁর পরিবার ও বংশ নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বার্তা পাঠানো ব্যক্তির হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম দেখা যায়।
জিডিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, শুরুতে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। এরপর ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তী বার্তায় ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার বিষয়ে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’
বিজ্ঞাপন
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’
হুমকির ধারাবাহিকতায় সর্বশেষ বার্তায় তাঁকে কাফনের কাপড় প্রস্তুত রাখার কথা বলা হয়। বার্তাটিতে লেখা ছিল, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
জিডিতে ওসি আব্দুল হালিম উল্লেখ করেছেন, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠিয়ে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হওয়ায় ভবিষ্যতের সুরক্ষার স্বার্থে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘিরে পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। তবে হুমকি প্রদানকারী ব্যক্তির প্রকৃত পরিচয় এবং তিনি কোথা থেকে বার্তাগুলো পাঠিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।








