Logo

টানা তিন মাস ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ২২:০৩
টানা তিন মাস ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতি কমিয়ে ২০২৬-২৭ অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। তবে বাস্তব চিত্র বলছে, বাজেট ঘোষণার মাস জুনেও সাধারণ মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরেই রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সীমিত ও মধ্যম আয়ের মানুষ।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ। এর আগে মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ ছিল। ফলে টানা তিন মাস মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর অর্থ, এক বছর আগে যে পণ্যের দাম ছিল ১০০ টাকা, এখন সেই একই পণ্য কিনতে গড়ে ব্যয় করতে হচ্ছে ১০৯ টাকা ১৬ পয়সা। চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, মাছ, মাংস, সবজি, ডিম ও দুধসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশে নেমেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য কমে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে; আগের মাসে যা ছিল ৯ দশমিক ৭১ শতাংশ। তবে সামগ্রিক মূল্যস্ফীতির হার এখনও ৯ শতাংশের ওপরে রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এপ্রিল ও মে মাসে দুই দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মে মাসের শেষ দিকে বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রভাব বাজারে পড়েছে। জ্বালানি ব্যয় বাড়লে পরিবহন খরচ, উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থার খরচও বেড়ে যায়, যার প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ের পণ্যমূল্যে।

এদিকে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি মজুরি। জুন মাসে মজুরি বৃদ্ধির হার কমে ৮ দশমিক ১৮ শতাংশে নেমেছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ২১ শতাংশ। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান আরও বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে গ্রামে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ, আর শহরে এ হার ছিল ৯ দশমিক ০১ শতাংশ। গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির চাপ তুলনামূলক বেশি থাকায় সেখানকার মানুষের ভোগান্তিও বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD