Logo

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৬:৩৭
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীও অংশ নেন।

পরে দুপুর দেড়টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলার পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরা বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম বলেন, সকাল পৌনে ১২টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও ছিল।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মতো পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেকেই নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেনি। তাই তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, সোমবারের পরীক্ষায় যে ভোগান্তি হয়েছে, তার দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। শিক্ষার্থীদের দুর্ভোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD