পদার্থ-রসায়নের পর এবার জীববিজ্ঞানেও প্রশ্নে ভুল

এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রবর্তনের পর বিভিন্ন বিষয়ে প্রশ্নে ভুল ও অসঙ্গতির অভিযোগের ধারাবাহিকতায় এবার জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ইংরেজি সংস্করণের নৈর্ব্যক্তিক অংশেও ত্রুটির অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের দাবি, তিনটি প্রশ্নে বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে অসামঞ্জস্য ছিল।
বিজ্ঞাপন
অভিযোগের পর বিষয়টি তদন্তে নেমেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশ্নপত্র পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৯ জুলাই) দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা জানান, নৈর্ব্যক্তিক অংশের কয়েকটি প্রশ্নে বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে মিল ছিল না, যা পরীক্ষার সময় তাদের বিভ্রান্তিতে ফেলেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরীক্ষার্থী মৃদুল রহমানের অভিযোগ, ইংরেজি সংস্করণের ‘গ’ সেটের ১৫, ১৮ ও ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নে ত্রুটি ছিল। তার ভাষ্য, এসব ভুলের কারণে অনেক পরীক্ষার্থীর ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, অভিযোগ যাচাইয়ে ছয়জন বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ইংরেজি সংস্করণের প্রশ্নপত্র পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেবেন।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের প্রতিবেদনে যদি প্রশ্নে ত্রুটির বিষয়টি নিশ্চিত হয়, তাহলে ইংরেজি সংস্করণের পরীক্ষার্থীদের ওই তিনটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে গত ১৯ জুলাই অনুষ্ঠিত এইচএসসি রসায়ন প্রথমপত্রের ইংরেজি সংস্করণের সৃজনশীল অংশের চার নম্বর প্রশ্ন নিয়েও অসঙ্গতির অভিযোগ ওঠে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথমপত্রের দুটি প্রশ্নে ত্রুটি ধরা পড়ায় শিক্ষা মন্ত্রণালয় ওই দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয়।







