Logo

শিক্ষক বদলির পর প্রকাশ পাবে নবম নিয়োগ বিজ্ঞপ্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৯:৪২
শিক্ষক বদলির পর প্রকাশ পাবে নবম নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য নতুন তথ্য সামনে এসেছে। শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যৌথ বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, প্রথমে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে। এরপর প্রকাশ করা হবে নবম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে নীতিগত আলোচনা হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা প্রায় দুই ঘণ্টা পর শেষ হয়।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শিক্ষামন্ত্রী দ্রুত সময়ের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা দ্রুত শুরু করারও পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিস্থাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আলোচনায় আরও সিদ্ধান্ত হয়, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা শিক্ষক বদলি কার্যক্রম আগে বাস্তবায়ন করা হবে। এই প্রক্রিয়া শুরু হওয়ার পরই নবম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হবে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এনটিআরসিএ তাদের চলমান বিভিন্ন সমস্যা, নিয়োগপ্রত্যাশীদের আন্দোলন এবং বাস্তবায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো বৈঠকে তুলে ধরেছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে নবম গণবিজ্ঞপ্তির অপেক্ষায় থাকা নিবন্ধনধারী প্রার্থীদের মধ্যে এ বৈঠকের সিদ্ধান্ত নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষক বদলি কার্যক্রমের অগ্রগতি শেষ হওয়ার পর নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD