অতীতের কিছু ভুল না হলে জীবনযাত্রা আরও মসৃণ হতো: শাকিব খান

ব্যক্তিগত জীবনের অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সমালোচনা ও গুজব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। শাকিব খান বলেন, অতীতে কিছু ভুল না হলে তার জীবনযাত্রা হয়তো আরও মসৃণ হতে পারত।
বিজ্ঞাপন
জীবনে কোনো ভুল করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে নিজের আক্ষেপের কথা স্বীকার করেন এই অভিনেতা। তবে কোন কোন ঘটনা বা সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন, তা স্পষ্ট করে বলেননি। শাকিব খান জানান, পেছনে ফিরে তাকালে জীবনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তার অনুশোচনা হয়। একান্তে নিজের অতীতের হিসাব-নিকাশ করতে গেলে এসব বিষয় তাকে ভাবিয়ে তোলে।
নিজের ভাগ্যকেও এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে শাকিব খান বলেন, মানুষ মাত্রই ভুল করে। তবে কোনো ভুল বুঝতে পারার পর সেটি জেনেশুনে আবার করা উচিত নয়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াকেই তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাক্ষাৎকারের একপর্যায়ে তার ব্যক্তিগত জীবনের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর প্রসঙ্গও উঠে আসে। শাকিব খান জানান, দুজনই তার জীবনের অংশ। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা বা বিতর্ক বাড়াতে তিনি আগ্রহী নন। তাদের কোনো বিষয়ে সতর্ক করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখা হলে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ছড়িয়ে পড়া নানা গুজব ও অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব খান। তার দাবি, অনেক সময় এমন সব ঘটনা নিয়ে তার নাম প্রচার করা হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই। এসব মনগড়া প্রচারণার কারণে তিনি সাম্প্রতিক সময়ে অনেকটা অন্তর্মুখী হয়ে পড়েছেন বলেও জানান।
ব্যক্তিজীবনের পাশাপাশি নিজের চলচ্চিত্রের কাজ নিয়েও কথা বলেছেন শাকিব খান। আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে তিনি আশাবাদী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
বিজ্ঞাপন
অতীতের বিতর্ক ও নানা অভিজ্ঞতা পেছনে ফেলে জীবনের পরবর্তী সময়টা হাসি, আনন্দ ও শান্তিতে কাটানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।








