বাংলাদেশি পর্যটকদের বড় সুখবর দিল আরব আমিরাত

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপ্রত্যাশীদের জন্য নতুন সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এখন থেকে কোনো স্পনসর বা স্থানীয় আমন্ত্রণপত্র ছাড়াই দেশটিতে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি পর্যটন ভিসা নিয়ে একাধিকবার প্রবেশ করা যাবে।
বিজ্ঞাপন
দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) বিদেশি নাগরিকদের জন্য এ দীর্ঘমেয়াদি ভিসা চালুর ঘোষণা দিয়েছে। বিষয়টি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
নতুন ভিসার আওতায় পাঁচ বছরের মধ্যে প্রয়োজন অনুযায়ী যতবার খুশি আমিরাতে প্রবেশ ও দেশত্যাগ করা যাবে। প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ থাকবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে আরও ৯০ দিন অবস্থান বাড়ানো যাবে। তবে এক ক্যালেন্ডার বছরে মোট অবস্থানের সময় কোনোভাবেই ১৮০ দিনের বেশি হতে পারবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাধারণ পর্যটক ভিসার তুলনায় বেশি সুবিধাসম্পন্ন এই ভিসা নিয়মিত ভ্রমণকারী, ব্যবসায়ী এবং প্রবাসীদের স্বজনদের জন্য বিশেষভাবে উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।
এই ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক রঙিন ছবি, আমিরাতে কার্যকর স্বাস্থ্যবিমার প্রমাণ, যাওয়া-আসার নিশ্চিত বিমান টিকিট এবং গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।
এ ছাড়া আবেদন জমা দেওয়ার আগের ছয় মাস ধরে ব্যাংক হিসাবে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের অর্থ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা) থাকার প্রমাণ দেখাতে হবে।
বিজ্ঞাপন
আগ্রহীরা ইউএই সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি ‘কাস্টমার হ্যাপিনেস সেন্টার’ বা ‘আমের সার্ভিস সেন্টার’-এর মাধ্যমেও আবেদন জমা দেওয়া যাবে। আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত সেবা নির্বাচন, অনলাইন ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং ফি পরিশোধ করতে হবে।
দুবাই প্রশাসনের তথ্য অনুযায়ী, সরকারি ফি, সার্ভিস চার্জ এবং ফেরতযোগ্য নিরাপত্তা জামানতসহ এই ভিসার প্রাথমিক আবেদন ব্যয় ৩ হাজার ৭১৩ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৪ হাজার টাকার কিছু বেশি। তবে আবেদনকারীর পরিস্থিতি ও অতিরিক্ত নথির প্রয়োজন অনুযায়ী এ খরচ কিছুটা পরিবর্তিত হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিসার নির্ধারিত সময়সীমা অতিক্রম করে অবস্থান করলে জরিমানার মুখে পড়তে হবে। তাই ভিসাধারীদের ‘ট্রাভেল মুভমেন্ট রিপোর্ট’-এর মাধ্যমে নিয়মিত প্রবেশ ও প্রস্থানের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।








