Logo

পুলিশ ভ্যানের সামনে তরুণী, ঠিক যেন বাংলাদেশের স্মৃতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১৯:১৭
পুলিশ ভ্যানের সামনে তরুণী, ঠিক যেন বাংলাদেশের স্মৃতি
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি প্রিজন ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে যাওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অনেকের কাছেই দুই বছর আগে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গাড়ির সামনে এক তরুণীর সাহসী অবস্থানের স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের শিবাজি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে যান ২৭ বছর বয়সী রিয়া আহিড়। পরে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডার একপর্যায়ে ভ্যানে থাকা আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, পেশায় মডেল রিয়া আহিড় ওই দিন দাদারের কোহিনুর স্কয়ার থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন। পথে তিনি দেখেন, আটক বিক্ষোভকারীদের নিয়ে একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। পরিস্থিতি দেখে তিনি সরাসরি ভ্যানটির সামনে গিয়ে দাঁড়ান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিয়ার ভাষ্য, ভ্যানটি সামনের দিক থেকে পেছন পর্যন্ত মানুষে ঠাসা ছিল। দাঁড়িয়ে থাকার মতো জায়গাও ছিল না। তার ধারণা হয়, আন্দোলনকারীদের অযথাই আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তিনি আর নীরব থাকেননি।

তার মতে, আন্দোলনকারীদের স্লোগান তাকে নাড়া দিয়েছিল। তিনি মনে করেছিলেন, যখন প্রতিবাদে অংশ নিতে এসেছেন, তখন অন্যায় দেখেও চুপ থাকা ঠিক হবে না। আটক ব্যক্তিদের এভাবে নিয়ে যেতে তিনি দিতে চাননি।

এ সময় পুলিশের সঙ্গে তার তর্ক শুরু হয়। পুলিশ জানায়, কিছু দূরে নিয়ে গিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। তবে রিয়া সেই ব্যাখ্যা মানতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলে এখনই সবাইকে মুক্তি দেওয়া উচিত।

বিজ্ঞাপন

পরে নিজের অনুভূতির কথা জানিয়ে রিয়া বলেন, বাইরে থেকে দৃঢ় দেখালেও ভেতরে তিনি ভয় পাচ্ছিলেন। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর বিশ্বাস তার ভয়কে জয় করেছিল। তিনি নিশ্চিত ছিলেন, যে কাজটি করছেন তা সঠিক।

প্রথমে পুলিশ ভ্যানটি সামান্য সামনে এগিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি অবস্থান থেকে সরে যাননি। শেষ পর্যন্ত পুলিশ ভ্যানে থাকা আন্দোলনকারীদের ছেড়ে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুক্তি পাওয়ার পর আন্দোলনকারীরা রিয়াকে ধন্যবাদ জানান এবং করমর্দনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রিয়া বলেন, পরিচিতি পাওয়ার উদ্দেশ্যে তিনি কিছু করেননি। একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায় দেখে নীরব থাকা তার পক্ষে সম্ভব ছিল না। তার বিশ্বাস, সেদিন তিনি কিছু না করলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হতে পারত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD