মোদির ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত সরিয়ে দেওয়া এবং শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট ঠেকাতে ব্যর্থতার ঘটনায় দেশটির পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একই সঙ্গে ডিপফেক প্রযুক্তি এবং প্ল্যাটফর্ম পরিচালনায় বিভিন্ন ত্রুটির জন্যও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে ওই সূত্র জানায়, পার্লামেন্টারি কমিটির কাছে জাকারবার্গ এসব বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি দুঃখ প্রকাশ করেন।
এর আগে ভারতের পার্লামেন্টারি কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছিল। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মেটা কর্তৃপক্ষকে তিন দিনের সময়সীমাও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ২৩ জুলাই ইনস্টাগ্রামে ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদি। পরে সেটি ফেসবুকেও শেয়ার করা হয়। সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে সেটিই ছিল তার প্রথম বক্তব্য। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ওই আন্দোলনের পর দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
ভিডিও প্রকাশের কিছু সময় পর সেটি মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অবশ্য ভিডিওটি আবারও প্ল্যাটফর্ম দুটিতে ফিরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় মেটার পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরানো হয়েছিল। তবে মেটার দেওয়া ব্যাখ্যা ও দুঃখ প্রকাশকে যথেষ্ট মনে করেনি ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের বক্তব্য, মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের ত্রুটি দুর্বল ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রযুক্তিগত সক্ষমতা ও অভ্যন্তরীণ নজরদারি আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলেও তারা মনে করছে।
ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় ভারত মেটার অন্যতম বড় বাজার। দেশটিতে বিপুলসংখ্যক মানুষ নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।








