এবার যুক্তরাষ্ট্র ছাড়াই হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই রিয়াদ এই অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
বিজ্ঞাপন
তবে এখনো অভিযান শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত নেই যুক্তরাষ্ট্রেরও।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ওয়াশিংটনকে জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। বর্তমানে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষেত্রে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে সরাসরি হামলায় যাওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি আরও গুরুতর হলে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তিত হতে পারে।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা ফোনে কথা বলেছেন। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ চান। তবে এটিকে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয়তা হিসেবে উপস্থাপন করেননি।
বিজ্ঞাপন
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বার্থ। তবে আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবিলায় সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোকে নেতৃত্ব দিতে চায় ওয়াশিংটন।
তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের হামলা আরও বাড়লে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হুথিদের হামলা বাড়ায় পুরো অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে বাণিজ্যিক নৌ চলাচল বন্ধ বা ব্যাহত হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন








