ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, চীনা প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনা প্রতিষ্ঠানের সরবরাহ করা উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট চিত্র ব্যবহারের সম্ভাব্য যোগসূত্র পেয়েছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ও পরে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধের সময় ইরানকে চীনের সহায়তার কারণে মার্কিন বাহিনী প্রাণঘাতী ক্ষতির মুখে পড়ার বিষয়ে এখন পর্যন্ত এটিই সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে হামলায় চীন সরাসরি জড়িত—এমন কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনো করেনি ওয়াশিংটন। একইভাবে স্যাটেলাইট চিত্র সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নামও প্রকাশ করা হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি চীনা কর্মকর্তাদের কাছে তুলেছেন। তবে বেইজিং অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ চেয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংঘাতের সঙ্গে চীনকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে।
বিজ্ঞাপন
এমন সময় এই তথ্য সামনে এলো, যখন আগামী ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ওই বৈঠক যাতে প্রকাশ্য বিরোধের কারণে ঝুঁকিতে না পড়ে, সে জন্য বেইজিংয়ের সঙ্গে নতুন করে প্রকাশ্য উত্তেজনা এড়িয়ে চলার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কাছে স্যাটেলাইট চিত্র বিক্রির অভিযোগে চলতি বছরের মে মাসে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। এখন মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের পরিধি আরও বেড়েছে। তাদের আশঙ্কা, চীনা সরবরাহকারীদের দেওয়া তথ্য শুধু স্থলভাগে মার্কিন অবস্থান শনাক্ত করতেই নয়, মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোর অবস্থান চিহ্নিত করতেও ইরানকে সহায়তা করতে পারে।
এই অভিযোগ সত্য হলে ইরান-চীন সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। বিশেষ করে মার্কিন সেনাদের প্রাণহানির সঙ্গে চীনা স্যাটেলাইট তথ্যের সম্ভাব্য যোগসূত্রের বিষয়টি সামনে আসায় আঞ্চলিক সংঘাতে চীনা প্রযুক্তিগত সহায়তার ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রকাশ্য কোনো তথ্যে চীনা সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ওই হামলার পরিকল্পনা কিংবা পরিচালনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ফলে স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগের সঙ্গে ১৭ জুলাইয়ের প্রাণঘাতী হামলার সুনির্দিষ্ট সম্পর্ক কী ছিল, তা এখনো তদন্ত ও কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে রয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, আনাদোলু এজেন্সি








