Logo

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: পেজেশকিয়ান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৩
মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হিসেবে থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যেই শনিবার এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘‘আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।’’

এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, ‘এই অঞ্চলের অখণ্ডতা ও নিরাপত্তা কেবল ভূখণ্ডের মূল অংশীদার এবং এখানকার দেশগুলোই নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হয়। এর প্রতিক্রিয়ায় ইরানও পুরো অঞ্চলজুড়ে পাল্টা হামলা শুরু করে। একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে তেহরান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই জলপথের কর্তৃত্ব কবজায় নিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে লড়াই চলছে। যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচল করতে পারত। তবে ইরান এখন এ পথে চলাচলের জন্য জাহাজগুলোর পূর্বানুমতি বাধ্যতামূলক করেছে এবং সার্ভিস ফি নেওয়ার পরিকল্পনা করছে।

ইরানের নির্দেশ অমান্যকারী জাহাজগুলোতে নিয়মিত হামলা চালানো হচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ভেঙে দিতে পর্যায়ক্রমে দেশটির উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করছে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের এই সংঘাত ছয় মাসের বেশি সময় ধরে চলায় হরমুজ প্রণালির অবরোধের প্রভাব বিশ্ববাজারে আরও স্পষ্ট হয়েছে। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়ে গেছে।

তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ বা সংঘাত অব্যাহত রাখার বিষয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘আমাদের ওপর নানামুখী অন্যায়-অবিচার সত্ত্বেও আমরা যুদ্ধ কিংবা এই সংঘাতের দীর্ঘসূত্রতা চাই না। শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের মূল অগ্রাধিকার।’

তথ্যসূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD