‘আল্লাহর দেওয়া জয়’, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের এই সাফল্যে ইরানের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই হুথিদের অগ্রগতিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় হিসেবেও দেখছেন।
বিজ্ঞাপন
হুথিদের বড় একটি অংশ জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী সানা দখল করে তারা। এরপর থেকেই দেশটিতে সংঘাত চালিয়ে আসছে গোষ্ঠীটি।
লোহিত সাগর উপকূলে হুথিদের সাম্প্রতিক সাফল্যকে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি। শনিবার (১২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পূর্ব উপকূলে আনসারুল্লাহদের (হুথিদের) জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দৃঢ় প্রতিজ্ঞ থাকার ফল।”
এর আগে শুক্রবার বন্দরনগরী মোখা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে হুথিরা। ঘটনাটি ইয়েমেন সরকারের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মোখার নিয়ন্ত্রণ হারানোর ফলে লোহিত সাগর এলাকায় ইয়েমেন সরকারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি বক্তব্য পুনরায় সামনে এনেছেন। ওই বক্তব্যে খামেনি বলেছিলেন, “হুথিদের প্রতিরোধ তাদের বিজয়ের পথে নিয়ে যাবে।”
হুথিদের সাম্প্রতিক সাফল্য নিয়ে ঘালিবাফ নিজেও মন্তব্য করেছেন। তিনি বলেন, “সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।”
বিজ্ঞাপন
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফও হুথিদের এই অগ্রগতিতে সরকারের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অঞ্চলের সব দেশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরতা থেকে স্বাধীন হয়ে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া উচিত।”








