ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট।
বিজ্ঞাপন
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর দলের শীর্ষ নেতৃত্ব থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
নির্বাচনের আগে বিএনপি উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে তুলে ধরছে দলটি। সরকারি তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত ১০টি মন্ত্রিসভা বৈঠকে ৬০টি নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে ৩৭টি বাস্তবায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু, প্রবাসী ও স্বাস্থ্য কার্ড কর্মসূচি এবং সামাজিক সুরক্ষার আওতায় একাধিক প্রকল্প। পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে অনুদানসহ মোট বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
বিজ্ঞাপন
প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে রাজস্ব আহরণ ও ঘাটতির লক্ষ্যমাত্রাও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ফলে বাজেট বাস্তবায়ন এবং অর্থের সংস্থান নিয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা ও প্রশ্ন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ে সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি খাতের সংকট মোকাবিলা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ ঘাটতি বিনিয়োগ ও শিল্পোন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে এমন একটি বাজেট প্রণয়নের কথা বলেন, যা ব্যবসায়ী, বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তাদের কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
বিজ্ঞাপন
এখন দৃষ্টি থাকবে বিএনপি সরকারের প্রথম বাজেট দেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সরকারের ঘোষিত লক্ষ্যগুলো বাস্তবায়নে কতটা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়।








