আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠছেন। সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানায়, বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে পুলিশের একটি সুসজ্জিত দল। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার (২২ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ২৭ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের কথা উল্লেখ করেন।
পরিদর্শন-বইয়ে রাষ্ট্রপতি লেখেন, জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস ও অকৃত্রিম দেশপ্রেমের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভূমি- স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
বিজ্ঞাপন
তিনি আরও লেখেন, এই পবিত্র জাতীয় স্মৃতিসৌধ- আমাদের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন স্মারক, যা চিরকাল দেশপ্রেম ও দেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরউত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। তাদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে তিনি মহান আল্লাহতায়ালার কাছে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন। পরিদর্শন-বইয়ে লেখার শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ উল্লেখ করেন।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্মবৃক্ষের চারা রোপণ করেন। পরে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।








