Logo

বিরোধীদের সমালোচনার জবাবে মাঠে নামছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৮:৩৯
বিরোধীদের সমালোচনার জবাবে মাঠে নামছে বিএনপি
ছবি: সংগৃহীত

জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলোর ধারাবাহিক সমালোচনার মুখে এবার সরাসরি রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির নেতারা মনে করছেন, বিরোধীদের পরিকল্পিত প্রচারণার কারণে সরকারের কার্যক্রম ও অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে জনসংযোগ বাড়ানো, সরকারের অবস্থান ব্যাখ্যা করা এবং বিরোধীদের সমালোচনার পাল্টা জবাব দিতে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশের জেলা, মহানগর এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র বলছে, আগামী এক মাস দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে— উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, মিছিল এবং সরাসরি গণসংযোগ।

বিজ্ঞাপন

জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে। যেসব সাংগঠনিক ইউনিট কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে উপস্থাপনের যে প্রচারণা চলছে, তার জবাব দিতেও মাঠে নামছে দলটি। এ জন্য তৃণমূল পর্যায়ে বিশেষ লিফলেট পাঠানো হয়েছে।

লিফলেটে দাবি করা হয়েছে, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং সেটিকে ‘প্রতারণামূলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিএনপি ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করা হয়েছে।

বিএনপির নেতাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সমালোচনার কারণে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন ইস্যুতে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

বিজ্ঞাপন

তাদের দাবি, বাস্তবে জুলাই সনদে বিভিন্ন দলের ভিন্নমত থাকার সুযোগ রয়েছে এবং নির্বাচনে জয়ী দল তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তা বাস্তবায়ন করতে পারবে— এমন বিষয়ও সনদে উল্লেখ রয়েছে।

দলটির নেতারা বলছেন, দেশে হাম পরিস্থিতিকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে তাদের দাবি, আগের সরকারের সময় টিকাদান কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল, যার প্রভাব এখন দৃশ্যমান।

বিএনপির মতে, তারা ক্ষমতায় আসার পর দ্রুত টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

গত ৯ মে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সরাসরি জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

তিনি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ‘ভুল তথ্যের’ জবাব দিতেও তৃণমূল পর্যায়ে কাজ করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিজস্ব কর্মসূচি রয়েছে। পাশাপাশি সরকারে থাকার কারণে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাও তাদের দায়িত্ব।

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক কর্মসূচি পালন করা স্বীকৃত অধিকার। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে কোনো কর্মসূচি যদি ধ্বংসাত্মক হয়ে ওঠে বা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

জুলাই সনদের চেতনা নিয়ে প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণআন্দোলন এবং ’২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে।

বিজ্ঞাপন

তার দাবি, যারা বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়েই আগে আত্মসমালোচনা করা উচিত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD