Logo

সাভারের বিস্ফোরণে প্রশাসনের ব্যর্থতা, অভিযোগ নাহিদ ইসলামের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ১৪:৪৩
সাভারের বিস্ফোরণে প্রশাসনের ব্যর্থতা, অভিযোগ নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হামলার সঙ্গে কারা জড়িত বা কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তে বেরিয়ে আসবে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না।

বিজ্ঞাপন

কর্মসূচির মঞ্চে বিস্ফোরণের পর সাভার মডেল থানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কেন ব্যর্থতা ঘটল, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কীভাবে হামলাকারীরা নিরাপত্তা বলয় ভেদ করে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পেল—এসব বিষয়ে প্রশাসনের জবাবদিহি করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম দাবি করেন, সমাবেশ শুরু হওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার অভিযোগ, এ ঘটনার পেছনে প্রশাসনিক সহযোগিতা থাকতে পারে। তিনি বলেন, এ বিষয়ে তারা পুলিশের কাছে ব্যাখ্যা চাইবেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন।

বিজ্ঞাপন

এনসিপি আহ্বায়ক আরও বলেন, এলাকায় কারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত এবং কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছে, সে বিষয়ে তাদের ধারণা রয়েছে। তবে এসব বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের।

তিনি বলেন, হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে এনসিপির রাজনৈতিক কর্মসূচি বন্ধ করা যাবে না। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় যেমন তারা রাজপথে থাকার অঙ্গীকার করেছিলেন, এখনও সেই অবস্থান থেকে সরে আসবেন না। তার ভাষায়, প্রয়োজন হলে অল্পসংখ্যক কর্মী নিয়েও কর্মসূচি অব্যাহত থাকবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সাভারে অতীতেও তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক বিস্ফোরণে একজন আহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

রাত ১০টার দিকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নাহিদ ইসলাম সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। পরে তিনি কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করেন এবং প্রায় এক ঘণ্টা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় থানার বাইরে অবস্থানরত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পুলিশ যদি রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন না করে, তাহলে জনগণ ও রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে পারলে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে—এমন বার্তা যাবে। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমেই আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সক্ষমতা প্রমাণ করতে হবে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম জানান, পুলিশ তাদের কাছে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কথা স্বীকার করেছে এবং এ জন্য দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছে।

এদিকে এনসিপির সাভার উপজেলা শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD