Logo

ক্ষমতায় আসছি বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৮:৩১
ক্ষমতায় আসছি বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। সরকারে আসছি—এমন ভাব দেখিয়ে কাউকে হুমকি দেওয়া, প্রভাব খাটানো কিংবা কারও কাছ থেকে জোর করে কিছু নেওয়া যাবে না। দাম্ভিকতা ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। তাই নেতাকর্মীদের বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে। ধর্ম মানুষের অত্যন্ত সংবেদনশীল ও হৃদয়ের কাছের বিষয়। ধর্মের কথা বললে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে। তবে ধর্মের নাম ব্যবহার করে সবসময় সঠিক কাজ করা হচ্ছে কি না, সেটিও বিবেচনা করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সবার সমান অধিকার রয়েছে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। একদিকে অবকাঠামোগত উন্নয়ন, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আল্লাহ যতদিন সুস্থ রাখবেন, ততদিন মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা দিতে পারেন। সবাই যদি ঐক্যবদ্ধভাবে ঠাকুরগাঁওকে দারিদ্র্যমুক্ত করা, উন্নয়ন করা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে, তাহলে সেটি সম্ভব।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য তারা দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছেন। এ সময় দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আদালতে হাজিরা দিতে হয়েছে, অনেককে কারাগারেও যেতে হয়েছে। এখন আল্লাহ সুদিন ফিরিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যসেবার দুরবস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কয়েক দিন আগে ঠাকুরগাঁও হাসপাতালে বৈঠক করেছেন তিনি। সেখানে অ্যাম্বুলেন্স থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক নেই এবং পরিবেশও ভালো নয়। তবে পরিস্থিতি উন্নয়নের কাজ চলছে। ভবিষ্যতে আরও চিকিৎসক আনা ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়, সে জন্য ঠাকুরগাঁওয়ে একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনেরও চেষ্টা করা হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা চেয়ারম্যান-মেম্বার হতে চান, তাদের আগে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এমনভাবে কাজ করতে হবে, যাতে মানুষ নিজেরাই বলে—এই ব্যক্তিকেই আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সবার কাছে যেতে হবে, ভালো কাজ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসা দিয়ে প্রতিদান দেবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে কেউ যেন মানুষকে বিভ্রান্ত করতে না পারে। সবাই রাজনীতি করবে, তবে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রয়োজন নেই। প্রত্যেকে নিজের রাজনৈতিক আদর্শ নিয়ে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। বিষয়টি মনে রেখে তাদের প্রতিও ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD