Logo

আজাদ মসজিদে জানাজা, শেষবার স্বামীকে দেখলেন দীপু মনি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৬:০৬
আজাদ মসজিদে জানাজা, শেষবার স্বামীকে দেখলেন দীপু মনি
ছবি: সংগৃহীত

গুলশানের আজাদ মসজিদে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্যারোলে মুক্তি পেয়ে প্রিজন ভ্যানে করে মসজিদে আসা দীপু মনি জানাজা শেষে ভ্যান থেকে নেমে শেষবারের মতো স্বামীকে দেখেন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর আজাদ মসজিদে তৌফীক নাওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা আবদুর রহিম। পরে পরিবারের পক্ষ থেকে ধর্মীয় রীতি অনুযায়ী বক্তব্য দেন তৌফীক নাওয়াজের ছোট ভাই তাইমুর নাওয়াজ।

জানাজায় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি তৌফীক নাওয়াজের বন্ধু, সহকর্মী ও সাবেক সহপাঠীরাও অংশ নেন। আইনজীবী মহসীন রশিদ, মনিরুল আলম ও সৈয়দ আশরাফুল হকসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের তুলনামূলক কম পরিচিত নেতাকর্মীদেরও জানাজায় উপস্থিত হতে দেখা যায়।

জানাজা শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তৌফীক নাওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বামীর শেষকৃত্যে অংশ নিতে দীপু মনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। জানাজা ও দাফন শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে দীপু মনিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় আনা হয়। সকাল সোয়া ৮টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। একই সময়ে তৌফীক নাওয়াজের মরদেহও সেখানে নেওয়া হয় এবং বাসার নিচের গ্যারেজে একটি ফ্রিজার ভ্যানে রাখা হয়।

বিজ্ঞাপন

মরদেহ রাখা গাড়ির পাশে মেঝেতে কাপড় বিছিয়ে স্থানীয় বশির উদ্দিন রোড মসজিদের মুয়াজ্জিনসহ পাঁচজনকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় বাড়িটিকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সেখানে আসা ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পরিবারের এক সদস্যের বরাতে জানা গেছে, স্বামীর মৃত্যুতে দীপু মনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি ঠিকমতো খাবারও গ্রহণ করছেন না বলে জানান ওই স্বজন।

দীপু মনিকে সান্ত্বনা দিতে চাঁদপুর আওয়ামী লীগের জাকিয়া সুলতানা শেফালীসহ কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে দেখা করেন। তিনি জানান, দীপু মনি ভালো নেই এবং স্বামীর মৃত্যুর কারণে স্বাভাবিকভাবেই গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

বেলা সোয়া ১২টার পর দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে তোলা হয়। এর প্রায় ১০ মিনিট আগে তৌফীক নাওয়াজের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান গুলশানের উদ্দেশে কলাবাগান থেকে রওনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি ২০২৪ সালের আন্দোলনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

বিজ্ঞাপন

তার স্বামী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। সর্বশেষ গত ২৭ মে স্বজনেরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করানোর জন্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD