Logo

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের মিনি-নিলাম

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৫
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের মিনি-নিলাম
ছবি: সংগৃহীত

টানা তিন বছর দেশের বাইরে আয়োজনের পর আবারও ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ আসরের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে নিলামের নির্দিষ্ট ভেন্যু ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৩ সালে কোচিতে সর্বশেষ ভারতের মাটিতে আইপিএলের নিলাম হয়েছিল। এরপর ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের নিলাম দেশের বাইরে অনুষ্ঠিত হয়। এসব নিলাম হয়েছে যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে।

বিদেশে নিলাম আয়োজন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোরও কিছু আপত্তি ছিল। বড় প্রতিনিধিদল নিয়ে বিদেশে যাতায়াত, থাকা এবং অন্যান্য ব্যবস্থাপনায় বাড়তি জটিলতার বিষয়টি দলগুলোর পক্ষ থেকে তুলে ধরা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০২৭ সালের মিনি-নিলাম ভারতের কোনো শহরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বিজ্ঞাপন

তবে নিলামের শহর এখনো নির্ধারণ করা হয়নি। ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকার ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় ওই সময়ে পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া নিয়েও বিসিসিআইকে পরিকল্পনা করতে হচ্ছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, মিনি-নিলামটি সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আয়োজন করা হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ২০২৮ সালের আইপিএলের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ।

মঙ্গলবারের বৈঠকে আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিয়মটি বহাল থাকবে কি না, তা নিয়ে আগামী মাসে গভর্নিং কাউন্সিলের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD