Logo

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ভুয়া ডিবি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
৮ জুলাই, ২০২৬, ১৩:০৮
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ভুয়া ডিবি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে চোখ-মুখ বেঁধে ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো. মোশারফ আলী (৩৫)। তাদের বাড়ি জামালপুর ও পটুয়াখালী জেলায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫) ও তার প্রতিবেশী সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভারে যাওয়ার উদ্দেশ্যে কালামপুর বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের পাশে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জোরপূর্বক ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তুলে নেয়।

গাড়িতে তোলার পর তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে গাড়িটি মানিকগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অপহরণকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে মোট ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মানিকগঞ্জ থানার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে স্টোন ব্রিকস লিমিটেড ইটভাটার সামনে চোখ-মুখ বাঁধা অবস্থায় তাদের গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ আল ফাহাদ খান বাদী হয়ে ধামরাই থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে এসআই এস. এম. কাওছার সুলতান, এসআই জুলফিকার আলীসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে গাজীপুর মহানগরের সদর, গাছা ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয়ে সাধারণ মানুষকে অপহরণ করে সর্বস্ব লুটে আসছিল। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD