Logo

কয়রায় উদ্ধার ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ, নদীতে অবমুক্ত

profile picture
উপজেলা প্রতিনিধি
কয়রা, খুলনা
৯ জুলাই, ২০২৬, ১৩:২৫
কয়রায় উদ্ধার ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ, নদীতে অবমুক্ত
ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে প্রায় ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। স্বাস্থ্য পরীক্ষা শেষে কচ্ছপটিকে সংরক্ষিত সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ থাকার খবর পান তারা। পরে ওই তথ্যের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষী, ভিটিআরটি (VTRT) ও সিপিজি (CPG) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। উদ্ধার শেষে কচ্ছপটির ওজন মাপা ও শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, উদ্ধার করা সামুদ্রিক কচ্ছপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেটিকে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী উদ্ধার ও নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD