Logo

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে, পদ হারালেন বিএনপি নেতা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৫ জুলাই, ২০২৬, ১৭:৫৯
এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে, পদ হারালেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে ছেলের অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ফারুক হোসেন বগুড়া জেলা বিএনপির সদস্য এবং বগুড়া শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

তবে ফারুক হোসেনের দাবি, কোনো কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সিফাতও অংশ নেয়। এ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সিফাত হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

পরে পরিস্থিতি শান্ত করতে জেলা বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর কয়েক ঘণ্টা পরই ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় ফারুক হোসেন বলেন, তিনি বহিষ্কারের খবর শুনেছেন, কিন্তু এর আগে তাকে কোনো শোকজ নোটিশ দেওয়া হয়নি। তার ভাষ্য, তার ১৮ বছর বয়সী ছেলে ছাত্রশিবিরকে সমর্থন করে এবং শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জেলা বিএনপিতে এমন অনেক নেতা রয়েছেন, যাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। যদি এ কারণেই তাকে বহিষ্কার করা হয়ে থাকে, তাহলে অন্যদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত।

বিজ্ঞাপন

এ বিষয়ে বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফারুক হোসেনকে মহানগর ও জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি আর কোনো মন্তব্য করেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD