শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। এর অংশ হিসেবে বাগেরহাটের শরণখোলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা শেখ মইন উদ্দিন এবং উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী সরোয়ার বাদল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান তিন মাসব্যাপী কর্মসূচিতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।








