‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে কলেজছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গায় জান্নাতুল মাওয়া (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। ওই পোস্ট সামনে আসার পর তাঁর মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) ভোরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন জান্নাতুল মাওয়া।
নিহত জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ফেসবুকে ওই পোস্ট দেওয়ার পর সোমবার ভোরে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি জানতে পারেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মৃত্যুর আগে দেওয়া পোস্টটি ঘিরে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। সেখানে ব্যবহৃত কথাগুলো কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, কী কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন কিংবা কোনো ধরনের মানসিক চাপ বা বিরোধের মধ্যে ছিলেন কি না—এসব বিষয় জানতে চান স্বজন ও সহপাঠীরা।
সহপাঠীদের ভাষ্য, জান্নাতুল মাওয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কলেজের সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
বিজ্ঞাপন
মেয়ের মৃত্যুতে শোকাহত বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ-প্লাস) পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো ছিল। হঠাৎ এমন ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।’
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জান্নাতুল মাওয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে আত্মহত্যায় প্ররোচনার কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।








