Logo

রাত পোহালেই পরীক্ষা, অথচ আন্দোলনে ব্যস্ত শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ২০:৫৯
রাত পোহালেই পরীক্ষা, অথচ আন্দোলনে ব্যস্ত শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর আন্দোলন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন

আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী এখনো বাড়ি ফিরতে পারেননি। ফলে পরীক্ষার আগের গুরুত্বপূর্ণ সময়ে পড়ার টেবিলে বসে প্রস্তুতি নেওয়ার সুযোগও পাননি তারা। অথচ বুধবার (১৫ জুলাই) পদার্থবিজ্ঞানসহ পাঁচটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া চট্টগ্রামের পাঁচ জেলা বাদে দেশের ৫৯ জেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

পরীক্ষা স্থগিতের দাবিকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তায় অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগ দিতে পারছেন না। পরীক্ষার আগের সময়টুকু সাধারণত পুনরাবৃত্তি ও চূড়ান্ত প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে আন্দোলনের কর্মসূচি, শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত এবং সরকারের ঘোষণার দিকে নজর রাখতে গিয়ে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন, এই অনিশ্চয়তা তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে, যা পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থী বলেন, আগামীকালের পরীক্ষা হবে কি না, সেটিই নিশ্চিত নন তারা। এমন পরিস্থিতিতে পড়াশোনায় মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিনের ঘটনাপ্রবাহের পর অন্তত বুধবারের পরীক্ষাটি স্থগিত করা উচিত বলে তিনি মনে করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশের সব শিক্ষা বোর্ডে একই নীতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন রুটিন ঘোষণা করতে হবে। তাদের মতে, এটি পড়াশোনা এড়িয়ে যাওয়ার আন্দোলন নয়; বরং সব পরীক্ষার্থীর জন্য সমান ও ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করার দাবি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত বুধবারের পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বর্তমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই আপাতত পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD