Logo

বাংলাদেশ আর কোনো দেশের ওপর নির্ভরশীল হবে না: পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৯:৫৫
বাংলাদেশ আর কোনো দেশের ওপর নির্ভরশীল হবে না: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভবিষ্যতে কোনো দেশের ‘ক্লায়েন্ট স্টেট’ বা নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হচ্ছে দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করা।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুই বছর আগের পরিস্থিতির স্মৃতিচারণ করে ড. খলিলুর রহমান বলেন, বিদেশে অবস্থান করেও শিশু-কিশোরদের প্রাণহানি, সরকারের দমন-পীড়ন এবং দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনাগুলো তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন। এমনকি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও এভাবে তথ্যপ্রবাহ বন্ধ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ওই সময়টি ছিল অন্যতম নৃশংস ও অন্ধকার অধ্যায়। তৎকালীন পরিস্থিতিতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছিল। এর ফলে আন্তর্জাতিক চাপ তৈরি হয়, যা সহিংসতা কমানো এবং রাজনৈতিক পরিবর্তনের গতি ত্বরান্বিত করতে ভূমিকা রাখে।

পরবর্তী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ে প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক রূপান্তর ঘটানো ছিল বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরাও সাম্প্রতিক নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে।

কূটনৈতিক অগ্রগতি তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যে অবস্থান হারাতে বসেছিল, তা আবারও ফিরে পাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়ের কথাও তুলে ধরেন তিনি। ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই ‘অসম্ভব মিশন’ সফল হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত কূটনীতিকদের সমন্বিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।

তরুণ প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণরা ভয়াবহ একটি পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করে নতুন বাস্তবতা তৈরি করেছে। এখন মেধা, দায়িত্ববোধ ও দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD