একের পর এক বিতর্ক, বেকায়দায় জামায়াত

জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই নতুন বাস্তবতায় নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে জামায়াতে ইসলামী। দলটির এক সংসদ সদস্যকে ঘিরে বিতর্ক, সরকারি বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ এবং জোট রাজনীতিতে টানাপোড়েন—এই তিন বিষয় এখন দলটির ওপর সমানভাবে চাপ তৈরি করেছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধান বিরোধী দলের দায়িত্ব পাওয়ার পর জনসাধারণের প্রত্যাশার পাশাপাশি দলটির কার্যক্রমও এখন অনেক বেশি নজরদারির মধ্যে রয়েছে। ফলে আগে যেসব ঘটনা সীমিত পরিসরে থাকত, সেগুলো এখন বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হচ্ছে। আন্দোলনভিত্তিক রাজনীতি থেকে সংসদকেন্দ্রিক বিরোধী দলের ভূমিকায় আসায় নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরীক্ষায় রয়েছে দলটি।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে জামায়াত। পরে আদর্শিক ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্রের ভাষ্য, বিষয়টিকে শুধু ব্যক্তিগত ঘটনা হিসেবে নয়, আইনগত, সাংগঠনিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এরপর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরে সব সংসদ সদস্যের কাছে লিখিত নির্দেশনা পাঠানো হয়। সেখানে সরকারি অনুদান, ত্রাণ বা আর্থিক সহায়তার ক্ষেত্রে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ব্যক্তিগত সহকারী (পিএ), ব্যক্তিগত সচিব (পিএস) বা তাদের স্বজনদের জন্য কোনো ধরনের সুপারিশ না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংসদের বাইরেও জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। হেফাজতে ইসলামের উদ্যোগে কওমিভিত্তিক নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হওয়ার পর ১১-দলীয় জোট থেকে খেলাফত মজলিস সরে গেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, আরও কয়েকটি দলের অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। জামায়াতের কয়েকজন নেতার দাবি, তাদের নেতৃত্বাধীন জোটকে দুর্বল করতেই কওমি ধারার দলগুলোকে আলাদা করার চেষ্টা চলছে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, সাম্প্রতিক ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও ধারাবাহিকভাবে এমন বিতর্ক তৈরি হলে দীর্ঘদিনের গড়ে ওঠা নৈতিক ও স্বচ্ছ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি অনুষ্ঠিত রুকন সম্মেলনে জামায়াতের আমির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনপ্রতিনিধি বা নেতাদের কোনো আচরণ যেন দলের আদর্শ ও জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ না করে। নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘সাদা কাপড়ে দাগ লাগলে তা সবচেয়ে বেশি চোখে পড়ে।’
দলটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, প্রধান বিরোধী দলের দায়িত্ব পাওয়ার পর জনগণের প্রত্যাশা বেড়েছে। অন্য দলের ক্ষেত্রে ছোট কোনো ঘটনা হলেও জামায়াতের ক্ষেত্রে সেটি বড় বিতর্কে পরিণত হয়। বিশেষ করে গাজী নজরুল ইসলামকে ঘিরে ঘটনাটি দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো রাজনৈতিকভাবে দলের জন্য অস্বস্তিকর। জনগণের আস্থা ধরে রাখতে জনপ্রতিনিধিদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা বিতর্ক এড়াতে কেন্দ্রীয়ভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষক ড. আইনুল ইসলাম বলেন, প্রথমবার বড় সংসদীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করায় জামায়াতের প্রতিটি পদক্ষেপ এখন জনপর্যবেক্ষণের আওতায়। তাই সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক পরিপক্বতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ক্ষেত্রেও দলটিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।








