Logo

যোগ করা সময়ের গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আটে স্পেন

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১০:৫১
যোগ করা সময়ের গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আটে স্পেন
ছবি: সংগৃহীত

নাটকীয় এক শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের শুরুতেই বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর পায়ে আসে ম্যাচের একমাত্র গোল। ফলে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

বিজ্ঞাপন

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে স্পেন ও পর্তুগাল সমানতালে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। খেলার প্রথম ১২ মিনিটেই উভয় দল মিলিয়ে অন টার্গেট ও অফ টার্গেটে মোট সাতটি শট নেয়, যা ম্যাচের শুরুতেই উত্তেজনার পারদ বাড়িয়ে দেয়।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্পেন। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ডি-বক্সে ঢুকে পড়েন মিকেল ওইয়ারজাবাল। সামনে শুধু গোলরক্ষক দিয়েগো কস্তা থাকলেও তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়ে সাইডবারের পাশ দিয়ে বাইরে চলে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পায় পর্তুগাল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর পরপরই পাল্টা আক্রমণে ওঠে পর্তুগাল। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো দূরপাল্লার জোরালো শটে স্পেনের গোলমুখে বিপদ তৈরি করেন। তবে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন দুর্দান্ত দক্ষতায় বল কর্নারের বিনিময়ে প্রতিহত করেন। কয়েক মিনিট পর পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তাও টানা দুটি সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

প্রথমার্ধের ৩৮তম মিনিটে আবারও ভালো সুযোগ তৈরি করে পর্তুগাল। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে জোয়াও ফেলিক্সের হেড উনাই সিমন ফিরিয়ে দেন। রিবাউন্ডে দ্রুত বল স্পর্শ করেন রোনালদো, কিন্তু স্পেনের গোলরক্ষক অসাধারণ ক্ষিপ্রতায় সেটিও নিয়ন্ত্রণে নেন।

এর তিন মিনিট পর নুনো মেন্ডিসের শক্তিশালী শট স্পেনের রক্ষণভাগ প্রতিহত করলে গোলের দেখা পায় না পর্তুগাল। ফলে বিরতিতে যায় দুই দলই গোলশূন্য সমতায়।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। স্পেন বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ধারাবাহিকভাবে আক্রমণ চালাতে থাকে। অন্যদিকে পর্তুগাল বেশিরভাগ সময় নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। স্প্যানিশদের একের পর এক আক্রমণ ঠেকাতে গিয়ে চাপে পড়ে যায় পর্তুগিজ ডিফেন্স। তবুও নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই যখন মনে হচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেররান তোরেসের নিখুঁত পাস থেকে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন।

বিজ্ঞাপন

শেষ মুহূর্তের সেই গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি পর্তুগাল। অবশিষ্ট সময়ে নিজেদের লিড অক্ষুণ্ন রেখে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্প্যানিশরা, আর বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর যাত্রারও ইতি ঘটে শেষ ষোলোর মঞ্চেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD