হেযবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলাম বাংলাদেশের

নোয়াখালীতে আয়োজিত ইসলামি মহাসমাবেশ থেকে ‘হেযবুত তাওহীদ’কে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে বক্তারা সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর ও ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ‘হেযবুত তাওহীদ’-এর বিরুদ্ধে অভিযোগ তুলে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে সংগঠনটি কৌশলে মুসলমানদের ঈমান থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। এর ফলে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে সংগঠনটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশের দুই অধিবেশনে সভাপতিত্ব করেন জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, খতমে নবুওত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, জামেয়া ওবায়দিয়া নানুপুরের মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী এবং ইসলামি মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।
বিজ্ঞাপন
এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, মাওলানা আজিজুল্লাহ নবাব, মাওলানা সিদ্দিক আহমদ নোমান ও মাওলানা নুরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।
সমাবেশে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, ব্যবসায়ী নেতা মো. ইকরাম উল্লাহ ডিপটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানান।
সমাবেশ থেকে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ‘হেযবুত তাওহীদ’কে দ্রুত নিষিদ্ধ ঘোষণা, সংগঠনটির প্রকাশিত বই-পুস্তক, পত্রপত্রিকা ও ওয়েবসাইট বন্ধ করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা।
বিজ্ঞাপন
এ ছাড়া সংগঠনটির ব্যাংক হিসাব জব্দ এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন মুসলমানের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের দাবিও জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দাবি বাস্তবায়নে দেশজুড়ে ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘হেযবুত তাওহীদ’-এর কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সেমিনার, মাহফিল ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানানো হয়।








