রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলায় ৯ জন নিহত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় মস্কোর কাছাকাছি একটি তেল ডিপো এবং দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের দুটি বড় গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই) রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
রুশ কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেন দূরপাল্লার ড্রোন হামলা চালায়। এতে তামবভ অঞ্চলের কতোভস্ক এবং মস্কোর পূর্বাঞ্চলের ইলেকট্রোস্তাল শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কতোভস্কের গুদামে রাতের শিফটে কর্মরত সাত শ্রমিক নিহত হন এবং আহত হন আরও ২৫ জন। সেখানে আগুন নিয়ন্ত্রণে এলেও ইলেকট্রোস্তালের গুদামে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, ইলেকট্রোস্তালের উত্তরে নোগিনস্ক শহরের একটি তেল ডিপোতেও ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। আগুন ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে পাশের একটি মাতৃসদন হাসপাতাল ও আশপাশের আবাসিক ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এছাড়া ড্রোনের ধ্বংসাবশেষ একটি কিন্ডারগার্টেন ভবনে পড়ে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, শুধু মস্কো অঞ্চলেই আহত হয়েছেন ৬১ জন। তাদের মধ্যে ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের একজন মারা গেলে নিহতের সংখ্যা আরও বাড়ে। অন্যদিকে বেলগোরোদ অঞ্চলে পৃথক এক ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজ্ঞাপন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি স্বীকার করে বলেন, মস্কো ও তামবভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও সরবরাহকেন্দ্র এবং একটি বড় তেল স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।
তার দাবি, এসব স্থাপনা রাশিয়ার সামরিক ড্রোন ও নেভিগেশন সরঞ্জাম তৈরিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, নোগিনস্কের জ্বালানি ডিপোর পাশাপাশি কৃষ্ণসাগর ও আজভ সাগরে চলাচলকারী কয়েকটি রুশ তেলবাহী জাহাজ এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্ক অঞ্চলের একটি রেলসেতুতেও একযোগে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ক্রিমিয়া, আজভ সাগর, কৃষ্ণসাগর এবং ১৯টি অঞ্চলের আকাশে মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে এসে রাশিয়ার অভ্যন্তরের জ্বালানি অবকাঠামো ও সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা আরও জোরদার করেছে কিয়েভ। ইউক্রেনের দাবি, এসব হামলার উদ্দেশ্য রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা এবং যুদ্ধের প্রভাব দেশটির অভ্যন্তরেও অনুভূত করানো।








