Logo

দিল্লিতে স্থগিত হলেও ঝাড়খণ্ডে চলছে জেন-জি আন্দোলন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৪:৫৪
দিল্লিতে স্থগিত হলেও ঝাড়খণ্ডে চলছে জেন-জি আন্দোলন
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলন স্থগিত হলেও গত ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের অভিযোগ, ১৪তম জেপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আরও পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশনে যোগ দেওয়ায় কর্মসূচি আরও জোরালো হয়েছে।

সম্প্রতি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সংহতি জানালে বিষয়টি আরও আলোচনায় আসে। তিনি জানান, ভিডিও কলের মাধ্যমে আন্দোলনরত ছাত্রনেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৬ আগস্ট ঝাড়খণ্ড ক্রান্তি মোর্চার মিছিল, ৭ আগস্ট সর্বভারতীয় ছাত্র সমিতি ও অন্যান্য সামাজিক সংগঠনের যৌথ প্রতিবাদ এবং ১০ আগস্ট কোনো রাজনৈতিক দলের প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই সাধারণ ও স্বতন্ত্র শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

দিল্লির যন্তর মন্তরে ‘নিট’ প্রশ্নফাঁসের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিজেপিও এখন ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপ জানান, জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেছেন। ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সিজেপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আন্দোলনটি ধীরে ধীরে বিভিন্ন মহলে সমর্থন পাচ্ছে। দেশের বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষ অনলাইন ডেলিভারি সেবার মাধ্যমে আন্দোলনস্থলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন। একই সময়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঝাড়খণ্ড শাখা আলবার্ট এক্কা চকে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, জেপিএসসি নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে ঝাড়খণ্ড পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিশেষ তদন্ত দল (এসআইটি)-এর প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হেমন্ত সোরেন বলেন, সরকার যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এসআইটি দিনরাত কাজ করছে এবং তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট সিদ্ধান্ত শিক্ষার্থী ও রাজ্যের সাধারণ মানুষকে জানানো হবে বলেও জানান তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসবে কি না—এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থে যা প্রয়োজন, সরকার তা করবে। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্তান টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD